ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার

ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত।

বগুড়ার ধুনট উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিলন হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তাঁর মুদি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার মিলন হোসেনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার (২২ নভেম্বর) দুপুরে ধুনট উপজেলার ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মিলন হোসেন ওই গ্রামের ওসমান গনির ছেলে। তিনি সম্পর্কে শিশুটির প্রতিবেশী দাদা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার প্রয়োজনে মিলনের পরিবারের সদস্যরা প্রায় ২২ বছর ধরে ঢাকায় বসবাস করছেন। তবে প্রায় তিন বছর আগে গ্রামে ফিরে বাড়ির পাশেই একটি মুদি দোকান চালু করেন তিনি। বাড়িতে একাই থাকতেন মিলন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী শিশুটি তাঁর দোকানে চিপস কিনতে যায়। এ সময় কৌশলে শিশুটিকে দোকানঘরের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে মিলনের বিরুদ্ধে। একপর্যায়ে শিশুটি তাঁর হাতে কামড় দিয়ে নিজেকে রক্ষা করে। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।

শিশুর কাছ থেকে ঘটনা জানার পর সন্ধ্যায় স্বজন ও স্থানীয় লোকজন মিলনের দোকানে গিয়ে তাঁকে মারধর করেন। পরে তাঁকে ধুনট থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় উত্তেজিত লোকজন তাঁর দোকানঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় রোববার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মিলন হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার মিলন হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।