প্যারিসে বাংলাদেশের সশস্ত্রবাহিনী দিবস উদযাপন
সংগৃহীত
ফ্রান্সের প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের ১৬তম অ্যারোন্দিসমেন্টের সিটি হলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফ্রান্স ও মোনাকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা।
বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা অ্যাটাশে, সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন প্যারিসে বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. খায়রুজ্জামান মোল্লা। তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়ন, দেশ ও বিদেশে তাদের অবদান এবং বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতার বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে অবদান, স্বাধীনতার পর উন্নয়ন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ২১ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব, মুক্তিযুদ্ধে ফরাসি লেখক আন্দ্রে মালরোর অবদান এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করেন। পাশাপাশি ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী এবং ফ্রান্স ও বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।