অ্যাকারম্যানের সেঞ্চুরিতে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত
বাংলাদেশের রিভিউ না নেওয়ার সুযোগ কাজে লাগিয়ে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন মার্কাস অ্যাকারম্যান। শুরুতেই আউট হওয়ার শঙ্কা থেকে বেঁচে যাওয়া এই ব্যাটার এবার মাত্র ১১১ বলেই তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তাঁর শতকে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন অ্যাকারম্যান। দিনের দ্বিতীয় ওভারে শরীফুল ইসলামের বলে স্লিপ কর্ডনের ফাঁক দিয়ে চার মেরে ফিফটি পূর্ণ করেন তিনি।
এরপরও থামেননি এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। শরীফুলের করা এক ওভারে চারটি বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। ওভারের তৃতীয় চারে পূর্ণ করেন তিন অঙ্কের রান।
৩৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৬৭ রান। এ সময় অ্যাকারম্যান অপরাজিত ছিলেন ১১২ বলে ১০৫ রানে। তাঁর ইনিংসে ছিল ১৮টি চার ও একটি ছক্কা। অন্য প্রান্তে টনি ডি জর্জি ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।
এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা।
প্রথম দিন শেষে ক্রিজে ছিলেন ড্যান পিটার অ্যাকারম্যান ও জুবাইর হামজা। অ্যাকারম্যান অপরাজিত ছিলেন ৪৬ রানে।