ইউক্রেনে সেনা পাঠানোর কথা বিবেচনা করছে দ. কোরিয়া
ফাইল ছবি।
ইউক্রেনে একটি সামরিক পর্যবেক্ষক দল পাঠানোর কথা বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া। সেখানে সংঘাতের প্রথম সারিতে রাশিয়া কর্তৃক উত্তর কোরিয়ার সেনাদের প্রত্যাশিত মোতায়েনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে তারা। বুধবার (৩০ অক্টোবর) প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, উত্তর কোরিয়ার অন্তত ১১ হাজার সেনা রাশিয়ায় পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে ৩ হাজারেরও বেশি সেনাকে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগের কাছাকাছি স্থানান্তরিত করা হয়েছে।
তিনি বলেন, ‘পিয়ংইয়ং তার সেনাদের যুদ্ধে নিয়োজিত থেকে রাশিয়াকে সহযোগিতা করার মধ্য দিয়ে আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে মূল্যবান পাঠ শিখবে। আর তা দক্ষিণ কোরিয়ার জন্য সরাসরি সামরিক হুমকি তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘সুতরাং, মিত্র ইউক্রেনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের কার্যকলাপ বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব।’যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করার উদ্দেশ্যে উত্তর কোরিয়ার এই সেনা মোতায়েনের ব্যাপক নিন্দা করেছে ইউক্রেনের মিত্ররা।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা বলেছেন, গত সপ্তাহে উত্তর কোরিয়া সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ নিরাপত্তা সহযোগী সের্গেই শোইগু। এদিকে, কীভাবে এই সমালোচনার জবাব দিতে হবে তা নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে মস্কো সফর করছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই।
মঙ্গলবার ওয়াশিংটন বলেছে, উত্তর কোরিয়ার কিছু সেনা রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ছিল। সেখানে আগস্টে একটি বড় আগ্রাসন চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। তখন সেখানকার শত শত বর্গ কিলোমিটার এলাকা দখল করে তারা।