নেত্রকোনার দুর্গাপুরে কৃষকের ৫৯ লাখ টাকা উধাও,আটক ২
সংগৃহীত ছবি
নেত্রকোনার দুর্গাপুরে গাওকান্দিয়া পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামানারে বিরুদ্ধে প্রান্তিক কৃষকের টাকাসহ মোট ৫৯ লাখ টাকা আত্মসাথের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রবল বর্ষণে হাওর ও নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে প্রত্যেককে ৩ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এরই প্রেক্ষিতে চলতি বছরের জুলাই মাসের বরাদ্দ থেকে গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮৭৭ জন কৃষকের বিপরীতে মোট ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
গত ১৩ সেপ্টম্বর এই টাকা ব্যাংকে জমা করা হয়। একই একাউন্টে পূর্ব থেকেই আরও থাকা ২৮ হাজার ৮৫৪ টাকা ছিলো। পরবর্তীতে সুবিধাভোগীদের মধ্যে টাকা বিতরণের জন্য ব্যাংক থেকে চেকবই উত্তোলন করে ইউনিয়ন পরিষদের সচিব মো. রুয়েলুজ্জামানকে চেক প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।
কিন্তু তিনি অসুস্থতার অজুহাতে বারবার সময়ক্ষেপণ করতে থাকেন। দুই দফা টাকা বিতরণের তারিখ নির্ধারণ করা হলেও তিনি উপস্থিত হননি। সর্বশেষ বৃহস্পতিবার টাকা বিতরণের দিন ধার্য করা হয়।
কিন্তু তার সাথে যোগাযোগ করতে গিয়ে গত ২২ নভেম্বর থেকে তাকে আর পাওয়া যায়নি। মোবাইল ফোন বন্ধ বাড়িতেও নেই এমন অবস্থায় বিষয়টি সন্দেহজনক মনে হলে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সালামকে সচিবের বাড়িতে পাঠানো হয়।
পরবর্তীতে ২৪ নভেম্বর প্রশাসক নিজেই সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় গিয়ে স্টেটমেন্ট সংগ্রহ করে কৃষকদের মানবিক সহায়তার জন্য বরাদ্দ করা যৌথ হিসাবে মাত্র ২ হাজার ৫০৪ টাকা অবশিষ্ট দেখেন।
স্বাক্ষর জাল করে এসব অর্থ উত্তোলনের ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মো. উসমান গনি ও রিপন কর্মকার নামে দুজনকে আটক করেছে পুলিশ।
অভিযুক্তরা হলেন, মো. রুয়েলুজ্জামান (৪৫), প্রশাসনিক কর্মকর্তা, গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ মো. উসমান গনি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ (৪১), উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) এবং রাকিব তালুকদার (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দু‘জন কে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত জানান, ব্যাংকের যৌথ হিসাবের স্টেটমেন্ট পর্যালোচনা এবং সাক্ষীদের সঙ্গে পরামর্শ করতে গিয়ে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। সরকারি অর্থ আত্মসাৎ ও যৌথ ব্যাংক হিসাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড়া দেয়া হবেনা।