বিমান বিধ্বস্ত : যুক্তরাষ্ট্রে এক পরিবারের ৬ সদস্যের সবাই নিহত
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসন জেলায় (কাউন্টি) সাগর তীরের কাছে একটি ছোট আকারের ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটিতে থাকা এক পরিবারের ৬ সদস্যের সবাই নিহত হয়েছে।
বিধ্বস্ত বিমানটি ছিল সেসনা ২৩০ মডেলের। বিমানের পাইলট ও যাত্রীরা ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। স্বজনদের ভাষ্যমতে, মাছ ধরার ট্রিপ শেষে বাড়ি ফিরছিলেন তারা।
জ্যাকসন কাউন্টির করোনার (মৃত্যু তদন্তকারী কর্মকর্তা) ব্রুস লিন্ড জুনিয়র জানিয়েছেন, বিমানটির পাইলট ছিলেন ৫০ বছর বয়সী ব্রেন্ট স্টোকস নামের এক ব্যক্তি। তিনি ফ্লোরিডার ফোর্ট মায়ার্সভিত্তিক একটি সামুদ্রিক কন্ট্রাক্টিং কোম্পানির প্রেসিডেন্ট ছিলেন। ওই কোম্পানির ওয়েবসাইটে ব্রেন্টকে একজন ‘উৎসাহী মৎস্যশিকারি এবং আজীবন নৌবিহারপ্রেমী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যান্য নিহতরা হলেন— ব্রেন্টের ১৬ বছর বয়সী ছেলে হান্টার স্টোকস; ব্রেন্টের বোন ৪৩ বছর বয়সী আরলিন নক্স; আরলিনের স্বামী ৪৩ বছর বয়সী মাইকেল নক্স; এবং তাদের দুই ছেলে—১২ বছর বয়সী চার্লস হোল্ডেন নক্স ও ১০ বছর বয়সী ট্রুয়েট নক্স।
আরলিন ও মাইকেল নক্স ‘নক্স টেকনোলজিস’ নামে একটি আইটি কোম্পানি পরিচালনা করতেন। ২০১২ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন তারা।
নক্স ও স্টোকসের পরিবারের সদস্যরা এক যৌথ বিবৃতিতে মার্কিন সংবাদমাধ্যমে ‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’-এর কাছে পাঠানো এক ইমেইল বিবৃতিতে তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, “তারা এমন একটি কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন যা তারা খুব ভালোবাসতেন—সবাই মিলে মাছ ধরার ট্রিপের মাধ্যমে চমৎকার ছুটির মৌসুম উদযাপন করছিলেন। এরপর তাদের পরিবারের বাকি সদস্যদের কাছে বাড়ি ফেরার কথা ছিল। গভীর শোকের মধ্যেও আমরা সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আছি; তারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন এবং এখন আমাদের চারপাশে যে ভালোবাসা রয়েছে, তা-ই আমাদের সম্বল। আমরা তাদের সবসময় আমাদের হৃদয়ে বহন করব।”
লিন্ড জানিয়েছেন, ব্রেন্ট স্টোকস এবং মাইকেল নক্সের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, মাইকেল নক্স নিজেও একজন লাইসেন্সপ্রাপ্ত পাইলট ছিলেন।
কী ঘটেছিল?
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বন্দরশহর মোবাইলে অবস্থিত এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ বিষয়ক আঞ্চলিক (রিজিওনাল) টাওয়ার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে জানায়, বিমানটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোস্ট গার্ডের মুখপাত্র হুয়ান রস জানিয়েছেন, উদ্ধারকারীরা দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে প্রাথমিকভাবে কেবল তিনটি লাইফ জ্যাকেট, একটি লাইফ র্যাফট (ভেলা) এবং পানির ওপর ভাসমান অবস্থায় বিমানটির কেবিন খুঁজে পান। মিসিসিপির পাসকাগুলা এবং হর্ন দ্বীপের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে ‘সেসনা ২১০’ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর, ডুবুরিরা বিমানের কাঠামো থেকে আরোহীদের মৃতদেহ উদ্ধার করেন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’ এর তথ্য অনুযায়ী, সেসনা বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের দিকে যাচ্ছিল।
ফোর্ট মায়ার্সের ‘পেজ ফিল্ড’ বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা অত্যন্ত শোকাহত ও মর্মাহত।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও বলেছে, “আমরা দারুণ কিছু বন্ধু এবং অসাধারণ বৈমানিকদের হারিয়েছি।”
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বেসামরিক বিমান চলাচাল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই বিমান দুর্ঘটনার তদন্ত করবে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে, দক্ষিণ ফ্লোরিডায় একটি ‘লিয়ারজেট ৬০’ (Learjet 60) বিজনেস জেট সরাসরি মাটিতে আছড়ে পড়ে। এতে বিমানে থাকা নয়জন আরোহীর সবাই নিহত হন। দুর্ঘটনার দৃশ্যটি গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি ভিডিওতে ধারণ করেছিলেন।
সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস, গালফ নিউজ