জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

ছবি: সংগৃহীত

 ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। এতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে সার্কিট হাউস মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবাদিপশু ও পোল্ট্রি পালনের মাধ্যমে অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছেন। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

তাঁরা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে উৎপাদন বৃদ্ধি, মানসম্মত পশু ও পশুজাত পণ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদের আন্তরিক প্রচেষ্টাও প্রয়োজন।

সভায় আরও বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার, জেলা ভেটেরিনারি কর্মকর্তা রোস্তম আলী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে অতিথিরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন পণ্য ও খামার ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়। এ সময় অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং খামারিদের সঙ্গে কথা বলেন।