মদনে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

মদনে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

প্রতীকী ছবি

নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ নূর আহম্মদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। 

শনিবার ভোরে মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহ্পুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে অইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হয় আটক নূর আহম্মদকে। তিনি শাহ্পুর গ্রামের শামছুদ্দিনের ছেলে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন নুর আহম্মদ। 

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টিম শনিবার ভোরে শাহ্পুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র (বল্লম, দা, চাকু ) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করে। পরে মদন থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

মদন সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমামুন নূর জানান, ‘শনিবার ভোরে সেনাবাহিনীর একটি দল নিয়মিত টহলে বের হয়। এসময় মাদকের তথ্য পেয়ে যৌথ অভিযান চালিয়ে নূর আহম্মদ নামের এক ব্যাক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’