কিছু অংশের শুটিং শেষ, ‘অ্যাভাটার ৪’-এর মুক্তির তারিখ ঘোষণা

কিছু অংশের শুটিং শেষ, ‘অ্যাভাটার ৪’-এর মুক্তির তারিখ ঘোষণা

ফাইল ছবি

‘অ্যাভাটার ৩’ মুক্তির পর ফ্র্যাঞ্চাজির ভবিষ্যৎ নিয়ে শংকা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল সিরিজটির আর কোনো সিনেমা বানাবেন না জেমস ক্যামেরুন। সেসব জল্পনা উড়িয়ে ‘অ্যাভাটার ৪’-এর আভাস দিল প্রযোজনা সংস্থা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ডিজনির আপফ্রন্টস অনুষ্ঠানে সংস্থার মুক্তিপ্রতীক্ষিত ছবিগুলোর নাম দেখা গেছে। সেখানে ছিল ‘অ্যাভাটার ৪’-এর নামও। ফলে স্পষ্ট হয়, সিনেমাটি নিয়ে পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থার। 

‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য মন ভালো করা খবর হলো, এরইমধ্যে চতুর্থ কিস্তির কিছু অংশের শুটিং সেরেছেন পরিচালক। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৯ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যাভাটার ৪’। ‘অ্যাভাটার ৫’-এর মুক্তির তারিখও নির্ধারিত। ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ২০৩১ সালের ১৯ ডিসেম্বর।

‘অ্যাভাটার’-এর প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। মুক্তির পরপরই বিশ্ববাসীর মনোযোগ দখল করেছিল ছবিটি। ঝড় তুলেছিল সিনেমা হলে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’র ক্ষেত্রেও ব্যতিক্রম দেখা যায়নি। 

দ্বিতীয় কিস্তিতে জলের তলের গল্প দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। তারপর থেকেই সিনেমাপ্রমীরা মুখিয়ে ছিলেন পরের অধ্যায়ের অপেক্ষায়। গেল বছরের ডিসেম্বরে সে অপেক্ষার অবসান হয়। তৃতীয় কিস্তির পর থেকেই অ্যাভাটার ৪-এর অপেক্ষায় দর্শক।