প্রথমবার ইংল্যান্ডের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্যান্টন

প্রথমবার ইংল্যান্ডের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্যান্টন

সংগৃহীত ছবি

জাতীয় দলের অধিনায়ক হওয়ার সুযোগকে বড় সম্মান হিসেবে দেখেন টম ব্যান্টন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন এই ব্যাটার। দায়িত্ব পাওয়ার খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

চার টেস্টের সিরিজ খেলতে শিগগিরই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ইংল্যান্ড। সে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচের পর দল ছাড়বেন নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক। আগামী রোববার চতুর্থ টি-টোয়েন্টি খেলেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

ব্রুকের অনুপস্থিতিতে সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের নেতৃত্ব দেওয়ার কথা ছিল উইল জ্যাকসের। তবে হাত ভেঙে যাওয়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। ফলে নতুন অধিনায়ক হিসেবে ব্যান্টনকে বেছে নিয়েছে ইংল্যান্ড।

গত  রবিবার বিমানবন্দরে ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম তাকে অধিনায়কত্বের বিষয়টি জানান। শুক্রবার ব্রিসবেনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে নিজের অনুভূতি জানাতে গিয়ে ব্যান্টন বলেন, খবরটি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি।

ব্যান্টন বলেন, ‘খবরটা যখন আমাকে দেওয়া হয়, তখন আমি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। এটা দারুণ সম্মানের ও বড় প্রাপ্তির বিষয়। এমন দায়িত্ব পালনের জন্য আমি মুখিয়ে আছি।’

ম্যাককালাম বিমানবন্দরে এক পাশে ডেকে নিয়ে তাকে বিষয়টি জানিয়েছিলেন উল্লেখ করে ব্যান্টন আরও বলেন, ‘সত্যি বলতে, কীভাবে প্রতিক্রিয়া জানাব, বুঝতে পারছিলাম না। তবে যেকোনো সংস্করণে দেশের অধিনায়ক হওয়ার খবর পাওয়া সত্যিই অনেক বড় সম্মানের।’

সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডের ১৪তম টি-টোয়েন্টি অধিনায়ক হবেন ব্যান্টন।