সরকারি আদেশ বাস্তবায়নসহ ৩ দাবি সার ডিলারদের
ছবি: সংগৃহীত
সরকারি আদেশ মাঠ পর্যায়ে বাস্তবায়নসহ ৩ দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সার ডিলারদের স্বার্থ সংরক্ষণ কমিটি। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
এসময় লিখিত বক্তব্যে বিএডিসি সার ডিলারদের স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কৃষিবিদ মোজাম্মেল কবির বলেন, ‘২০০৬-০৭ অর্থবছর থেকে আমরা সারাদেশে কৃষকের হাতে সার পৌঁছে দিই। আমরাই মাঠ পর্যায়ে কৃষকের সবচেয়ে কাছের মানুষ। গত ৩০ আগস্ট আমি আহ্বায়ক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়েরসহ গুরুত্বপূর্ণ দফতরে একটি দরখাস্ত দিয়েছিলাম।’
নিজের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, একটাই সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ এর দ্রুত বাস্তবায়ন। আমাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে ১৫ নভেম্বর তারিখে স্মারক নং-১২.০০.০০০০.০৩১.৪০.০০১.২৫-২২১ এর মাধ্যমে সুস্পষ্ট আদেশ জারি করা হয়।’
তিনি আরও বলেন, বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের মধ্যে বৈষম্যহীন ভাবে সমবরাদ্দ দিতে হবে। নীতিমালার ১.৩ নং অনুচ্ছেদ অনুযায়ী ইউরিয়াসহ সকল সার সমভাবে বিতরণ করতে হবে।
কৃষিবিদ মোজাম্মেল কবির বলেন, সমস্যা হলো মাঠ পর্যায়ে বাস্তবায়নে। সচিবালয়ের আদেশ হওয়ার পরও মাঠ পর্যায়ে কতিপয় অসৎ কর্মকর্তা সেই আদেশ মানছেন না। আমাদের কাছে অভিযোগ আসছে, তারা বিসিআইসি হতে সুবিধা নিয়ে বিএডিসি ডিলারদের সমবরাদ্দ না দেওয়ার জন্য নানা ফন্দি-ফিকির করছেন।
তিনি বলেন, নানাবিধ অজুহাত দেখিয়ে বরাদ্দ আটকে রাখা হয়। কখনো বলে কাগজ ঠিক নেই, কখনো বলে গোডাউন খালি নেই। বিএডিসি ডিলারদের হয়রানি করা হয়, যাতে তারা বরাদ্দ নিতে না আসে। ফলে কী হচ্ছে? কৃষক সময়মতো সার পাচ্ছে না। যার কারণে বাধ্য হয়ে বেশি দামে খোলাবাজার থেকে সার কিনতে হচ্ছে, আর বদনাম হচ্ছে সরকারের।
কমিটির ৩ দফা দাবি-
১. সচিবালয়ের ১৫ নভেম্বর ২০২৬-এর আদেশ অবিলম্বে মাঠ পর্যায়ে ১০০% বাস্তবায়ন করতে হবে। বিএডিসি ও বিসিআইসি - উভয় ডিলারকে সমানভাবে ইউরিয়াসহ সকল সার দিতে হবে।
২. যেসব কর্মকর্তা সরকারি আদেশ অমান্য করে বৈষম্য সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
৩. সার বরাদ্দ ও বিতরণের হিসাব অনলাইনে প্রকাশ করতে হবে, যাতে কোনো ডিলার বঞ্চিত হলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে।