‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন?
ফাইল ছবি
কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি গান নিয়ে বেশ চর্চা হচ্ছে। ‘দিলরুবা দিলনাশি’ গানটি বিভিন্ন রিল থেকে শুরু করে স্টোরি কিংবা পোস্টে ব্যবহার করছে মানুষ। এক মাসেই ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৬৫ মিলিয়ন। এছাড়া স্পটিফাইতেও গানটির স্ট্রিমিং ছাড়িয়েছে আড়াই কোটি। ইনস্টাগ্রামে এই গানে রিল হয়েছে ৩০ লাখেরও বেশি।
অন্তর্জাল মাতানো গানটি গেয়েছেন রিতো রিবা। ‘দিলরুবা দিলনাশি’ ছাড়াও তার বেশ কিছু গান অন্তর্জালে জনপ্রিয় হয়েছে। কিন্তু তাকে কি চেনেন? একটু পেছনের গল্প বললে নিশ্চয়ই মনে পড়বে।
২০২২ সালে ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এ অংশ নিয়েছিলেন রিতো রিবা। অডিশনে নিজের লেখা ও সুর করা ‘হীর রাঞ্ঝা’ গানটি পরিবেশন করেন রিতো। ‘যো ত্যানু ধুপ লাগেয়া ভে’ গানটির ক্লিপ সে সময়ও ভাইরাল হয়েছিল। গানের সঙ্গে বিচারক নেহা কাক্কার ও হিমেশ রেশমিয়ার প্রশংসাও নজর কেড়েছিল।
কিন্তু সেই ‘ইন্ডিয়ান আইডল’-এ বেশিদূর যেতে পারেননি রিতো। সেরা ১৫-তে যাওয়ার আগেই বাদ পড়েন এই তরুণ। তবে ওই ব্যর্থতা তাকে দমাতে পারেনি। নিজের যোগ্যতায় তিনি অবস্থান গড়ে নিয়েছেন।
ভারতের অরুণাচল প্রদেশের পাসিঘাটে জন্ম ও বেড়ে ওঠা রিতোর। ছোটবেলায় মায়ের মুখে লোকগান শুনেই সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। ২০১৪-১৫ সালের দিকে ইউটিউবে বিভিন্ন গানের কাভার প্রকাশ শুরু করেন। একপর্যায়ে নিজেই গান লেখা ও সুর করার দিকে মনোযোগী হন।
‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশনের পর বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পরিচিতি পান রিতো। পরে প্লে ডিএমএফ মিউজিক লেবেলের অধীনে প্রকাশ করেন ‘হীর রাঞ্ঝা’। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেন শিবাঙ্গী যোশি ও রোহিত খান্ডেলওয়াল। ইউটিউবে গানটি ৬ কোটিরও বেশি ভিউ পেয়েছে।
পাশাপাশি রিতোর কণ্ঠে জনপ্রিয়তা পায় ‘ইক তু হি’ (৬৮ মিলিয়ন), ‘পেয়ার আতা হ্যায়’ (৪১ মিলিয়ন), ‘ইবাদাতে’ (২৪ মিলিয়ন) ইত্যাদি। একই সঙ্গে নিজের ইউটিউব চ্যানেলও দাঁড় করিয়েছেন রিতো। তার চ্যানেলটিতে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়েছে এক মিলিয়ন।
রিতোর সর্বশেষ গান ‘দিলরুবা দিলনশি’। এটি তার পাঁচ গানের ইপি (এক্সটেন্ডেড প্লে) ‘দিলফেক’-এর অংশ। গেল ১৬ অক্টোবর প্রকাশিত এই অ্যালবামের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে গানটি। রেট্রো-পপ ঘরানার সুর, কাব্যিক কথা আর পুরোনো দিনের রোমান্টিক আবহ গানটিকে শ্রোতাদের কাছে আলাদা করে তুলেছে।
২৭ বছরের তরুণ রিতো রিবা। তিনি প্রমাণ করে দিয়েছেন, প্ল্যাটফর্ম হয়তো সম্ভাবনার পথ তৈরি করে। তবে নিজের ভেতরে প্রতিভার আগুন থাকলে সেটা জ্বলে উঠবেই। এর জন্য প্রয়োজন কেবল নিজের প্রতিভার ওপর বিশ্বাস ও অদম্য চেষ্টা।