বগুড়ায় ধারালো অস্ত্রসহ সাত ছিনতাইকারী আটক

বগুড়ায় ধারালো অস্ত্রসহ সাত ছিনতাইকারী আটক

প্রতীকী ছবি

বগুড়ায় বিভিন্ন ধারালো অস্ত্রসহ সাত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

তারা হলেন, গোকুল উত্তরপাড়ার জাকারিয়া ইসলাম, গোকুল পলাশবাড়ী এলাকার মামুন ইসলাম, চালিতাবাড়ি এলাকার মেহেদী হাসান, মহাস্থান মোল্লাপাড়া এলাকার জহির মোল্লা, গোকুল বোরহান গেট এলাকার মেহেদী হাসান, মহাস্থান পাথরপাড়া এলাকার মো. রিমন ও মহাস্থান প্রতাব রাজু এলাকার রহমত আলী স্বপ্ন। 

রাত পৌনে ৯টায় এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া উইংয়ের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, নারুলী ফাঁড়ির চেকপোস্টে  উত্তর চেলোপাড়া লাশ ঘরের সামনে একটি অটোরিকশা তল্লাশি করে সাতজন ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুইটি বড় চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি বেতের লাঠি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।