রিকশায় মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের

রিকশায় মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের

প্রতিকী ছবি

নাটোরে ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রাহুল ইসলাম নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

রোববার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের পটুয়াপাড়া শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল ইসলাম শহরের দক্ষিণ পটুয়াপাড়া মহল্লার হোটেল ব্যবসায়ী বেলাল হোসেনের ছেলে ও নাটোর কালেক্টরেট স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শহরতলীর দিঘাপতিয়া উত্তরা গণভবন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিল রাহুল ইসলাম। এ সময় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাহুল মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। রাজশাহীতে নেওয়ার পথেই রাহুলের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।