মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ

মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ

প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ৩টার দিকে ভাইজোড়া গ্রামের ব্যবসায়ী এসএম মাহবুব রুমির বাড়িতে হানা দেয় ৭-৮ জনের ডাকাত দল। 

তারা কৌশলে বাড়িতে ঢুকে সবাইকে ধারালো অস্ত্রের মুখে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছেন গৃহকর্তা।  

মাহবুব রুমি জানান, মধ্যরাতে বাড়ি ফিরে তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত কৌশলে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে সবকিছু তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। 

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) মো. শওকত হোসেন বলেন, ডাকাতির অভিযোগ অবিশ্বাস্য। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।