গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতিকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ঝর্ণা বেগম (৪০) নামের ব্যাটারীচালিত অটোভ্যানের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী। অহত তিনজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এ তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।
নিহত ঝর্ণা বেগম উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া এলাকার আব্বাস আলীর স্ত্রী। আহতরা হলেন- একই গ্রামের মৃত মাসিম খন্দকারের ছেলে আব্দুল খালেক (৪৫), গেল্লা মিয়ার ছেলে দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ওইসময় একটি ব্যাটারিচালিত অটোভ্যান কয়েকজন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ করে ভ্যানটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই যাত্রী ঝর্ণা বেগম মারা যান। এ সময় আহত হন আরও তিনজন।
পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনার পর দ্রুত পালিয়ে যাওযায় কভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।