মিক্সার মেশিনে বাইকের ধাক্কা, প্রাণ গেল দুই আরোহীর
প্রতিকী ছবি
সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর থাকা একটি মিক্সার মেশিনে (রাস্তার কাজে ব্যবহৃত) ধাক্কা দিয়েছে। এতে বাইকে থাকা দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে রতনকান্দি ইউনিয়নের পিপুলবাড়িয়া-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রতনকান্দি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল হাকিম এবং হরিণা গ্রামের তোজাম উদ্দিনের ছেলে সৌরভ আলী।
সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, পিপুলবাড়িয়া বাজারের পাশে রাস্তার ওপরে আগে থেকেই একটি মিক্সার মেশিন রাস্তার ওপর রাখা ছিল।
রাতে হাকিম ও সৌরভ মোটরসাইকেল করে যাওয়ার সময় মেশিনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।