নীলফামারিতে ছেলের হাতে বাবার মৃত্যু

নীলফামারিতে ছেলের হাতে বাবার মৃত্যু

প্রতিকী ছবি

নীলফামারীর ডোমারে পারিবারিক কলহে ছেলের দায়ের কোপে রবিউল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি প্রামানিক পাড়ায় এ ঘটনা ঘটে।  নিহত রবিউল ইসলাম পেশায় কৃষক ছিলেন। তার অভিযুক্ত ছেলের নাম সিদ্দিক (২৮)।

ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক জানান, বিকেলে ধান ও খড় রাখা নিয়ে রবিউল ইসলামের সঙ্গে তার ছেলে সিদ্দিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিদ্দিক ঘরের ভেতর থেকে ধারালো দা এনে তার বাবার রবিউল ইসলামের কোমরে ও হাতে কোপ মারেন।  

তিনি জানান, রবিউল ইসলাম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিক পলাতক রয়েছেন।এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।