মিয়ানমারে আবারও গোলাগুলির শব্দ, আতঙ্কে টেকনাফ বাসী

মিয়ানমারে আবারও গোলাগুলির শব্দ, আতঙ্কে টেকনাফ বাসী

ফাইল ছবি।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে।বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে ভেসে আসা বিস্ফোরণের শব্দে টেকনাফের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। 

 গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসেন।তিনি জানান, মিয়ানমার থেকে প্রায় গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে।সেই শব্দে এপারেও কয়েকবার পুরো এলাকা কেঁপে উঠেছে। ফলে এলাকার অনেক বাসিন্দারা আতঙ্কে সময় পার করেছেন।

সাবরাং নয়াপাড়ার বাসিন্দা গোলাম কুদ্দুস জানান, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ভারী অস্ত্রের বিকট শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘর-বাড়িতে কম্পন অনুভূত হয়।

এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে।  আবদুল গফুর নামে আরেক বাসিন্দা বলেন, এ রকম শব্দ এর আগে কখনও শুনেনি। মনে হচ্ছিল গোলাগুলি-বিস্ফোরণের শব্দে ঘর-বাড়ি ভেঙে পড়ছে। বিস্ফোরণে বৃদ্ধ ও শিশুরা বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।