বাকৃবিতে পিএইচডি ডিগ্রি এখন কোর্স ক্রেডিট ছাড়াও পাওয়া যাবে

বাকৃবিতে পিএইচডি ডিগ্রি এখন কোর্স ক্রেডিট ছাড়াও পাওয়া যাবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এবার পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য কোর্স ক্রেডিট সিস্টেম ছাড়াও একটি নতুন পদ্ধতি চালু হচ্ছে। এর ফলে, শিক্ষার্থীরা পূর্বের প্রচলিত কোর্স ক্রেডিট সিস্টেমের বাইরে গিয়েও পিএইচডি ডিগ্রি লাভ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন শনিবার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৮ মার্চ অনুষ্ঠিত উচ্চ শিক্ষা গবেষণা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২৬ মে শিক্ষা পরিষদের অধিবেশনে এটি অনুমোদন পায়।

নতুন পদ্ধতির আওতায়, পিএইচডি শিক্ষার্থীদের কিছু কোর্সওয়ার্ক থাকতে হবে, যা ভর্তি কমিটি নির্ধারণ করবে। তবে, শুধুমাত্র ওই শিক্ষকরা পিএইচডি কোর্সের ক্লাস নেবেন, যারা পিএইচডি সুপারভাইজার হিসেবে যোগ্যতা অর্জন করেছেন। এই পরিবর্তনটি বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এর নীতিমালা অনুসরণে বাস্তবায়ন হবে এবং এটি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে কার্যকর হবে।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে বাকৃবি আরও উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি করতে চায়, যা পিএইচডি শিক্ষার্থীদের জন্য সহজতর এবং ফলপ্রসূ হবে।