ভয়াবহ আগুনে পুড়ছে পেপার মিল, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ভয়াবহ আগুনে পুড়ছে পেপার মিল, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের পেপার ও পলপ তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে মেঘনা গ্রুপের পেপার ও পলপ তৈরির কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে সোনারগাঁও, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়। সকাল আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে এলে এসব বিষয় জানা সম্ভব হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ওই কারখানার এক শ্রমিক জানান, রাতের ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পড়তে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ।

ওই শ্রমিক আরও জানান, আগুন এক ভবন থেকে আরেক ভবনে দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে অনেকটা বেগ পোহাতে হচ্ছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর পাঁচটার দিকে প্রথমে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা ভয়াবহ হওয়ায় পরে আরও সাতটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানা গেছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক।