কাকরাইল মসজিদের সামনে সাদপন্থীদের অবস্থান
ফাইল ছবি
ভারতের আলেম মাওলানা সাদ কান্ধলভীকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন সাদপন্থীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করলেও পুলিশের বাধার মুখে তারা কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন। এর ফলে ওই এলাকার প্রতিটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান সাদপন্থীরা।
কিন্তু মাওলানা সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা। এ কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।