নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুলছাত্রীর মৃত্যু
প্রতিকী ছবি
নড়াইলের নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় অতিরিক্ত মদ্যপানে পূজা নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে ছাত্রীর মৃত্যু হলেও বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। মৃত পূজা গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে।
এ ঘটনায় আরেক স্কুলছাত্রী ত্রিনয়নী বিশ্বাসকে (১৫) অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ত্রিনয়নী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।
মৃতের স্বজনদের থেকে জানা গেছে, কার্তিয়ানী পূজা উপলক্ষে পূজা ও তার খালাতো বোন ত্রিনয়নী মহাজন গ্রামে তাদের নানা মৃত দিল্লীশ্বরের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দু’জনে মদ পান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক পূজাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল জানান, পূজাকে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। স্বজনদের বরাতে প্রাথমিকভাবে জানা গেছে, পূজা অতিরিক্ত মদ্যপানে মারা গেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।