সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

শরীয়তপুরের ডামুড্যায় দু’পক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মোল্লা একই এলাকার মৃত মমিন আলি মোল্লার ছেলে।

স্থানীয় ও ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর ভয়রা এলাকার সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে প্রথমে কথার কাটাকাটি ও পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় তাদের সংঘর্ষ থামাতে প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা এগিয়ে আসেন। মারামারির একপর্যায়ে একটি লাঠির আঘাতে মাটিয়ে লুটিয়ে পড়েন নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।