বালিয়াকান্দিতে দুই বাড়িতে ডাকাতি
ছবি : প্রতীকি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে জঙ্গল গ্রামে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
সোমবার রাত ২টার কিছুক্ষণ পর জঙ্গল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিপুল ঘোষ ও তার ভাই ব্যবসায়ী বিদ্যুৎ ঘোষের বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার রাত ২টার পর ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল বিদ্যুৎ ঘোষের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তার স্ত্রী ও অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। প্রায় দুই ঘন্টা ধরে দুই পরিবারের সদস্যদের নিকট থেকে টাকা ও স্বর্ণালঙ্কর নিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার সকালে ভুক্তভোগী বিদ্যুৎ ঘোষ ও বিপুল ঘোষের ভগ্নিপতি নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, রাত ২টার পর যতিন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিপুল ঘোষ ও ব্যবসায়ী বিদ্যুৎ ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বিদ্যুৎ ঘোষের ভবনের গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ফেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি। পুলিশ সেখানে কাজ করছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযানে কাজ করছে পুলিশ।