টেকনাফে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে প্রায় তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কেউ আটক হয়নি।  

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে দেড় নাম্বার নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল কঠোর সর্তকতা অবলম্বন করে সীমান্ত পর্যবেক্ষণ জারি রাখলে একপর্যায়ে ছয়জন ব্যক্তিকে নাফ নদীতে সাঁতারিয়ে বাংলাদেশ-মিয়ানমার

সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে।

পরবর্তীতে টহলদল ওই ব্যক্তিদের ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারের সুযোগে কয়েকটি ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীর তীরে ঘন কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যায়। টহল দল তল্লাশি অভিযান পরিচালনা করে তিনটি ব্যাগের ভেতর থেকে দুই লাখ ৪৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করা হয়। টহলদল ওই এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করলেও কোনো চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করতে পারেনি।

চোরাকারবারীদের শনাক্ত করার জন্য ওই ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।