ভিসি’র পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের আল্টিমেটাম
সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে স্থবিরতা সৃষ্টির অভিযোগ এনে তারা এ আন্দোলন শুরু করেছে। শিক্ষার্থীরা ভিসিকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে পদত্যাগ করার জন্য আল্টিমেটাম দিয়েছেন।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ২নং গেট ও ছেলেদের আবাসিক দুই হল প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ। তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থী হিসেবে ভিসি’র কাছে আমাদের যা প্রাপ্য ছিল, তা আমরা পাইনি। নিয়োগের পর থেকে ভিসি কোনো অবকাঠামোগত উন্নয়ন করেননি, বরং বিশ্ববিদ্যালয়কে আরো পিছিয়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল দুপুর ১২টার মধ্যে ভিসি স্বেচ্ছায় পদত্যাগ না করলে শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে।’
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শুচিতা শরীনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।