বাকৃবিতে উচ্চশিক্ষা ও স্কলারশিপ সেমিনার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সকাল ১১টায় ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে বাকৃবি ও দ্য জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএডি)। বাকৃবির স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষাসহ প্রায় শতাধিক শিক্ষার্থী ওই সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন বাকৃবির এডিসনাল রেজিস্টার নাজমুল হাসান স্বপন ও বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এছাড়াও ‘ডিএডি’ থেকে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান সুমন।
সেমিনার থেকে জানা যায়, জার্মানিতে ৪০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজারের অধিক বিষয়ে স্কলারশিপের সুযোগ প্রদান করা হয়। আরও জানা যায়, বিগত ৫ বছরে ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য জার্মানি গিয়েছেন।
অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান বলেন, ‘জার্মানিতে কৃষি খাতে অনেক সাবজেক্টে পড়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীই স্কলারশিপ নিয়ে জার্মানিতে যান।’
নাজমুল হাসান স্বপন বলেন, ‘ডিএডি-তে জার্মানিতে পড়াশোনার খরচ খুব বেশি নয়। বাকৃবি শিক্ষার্থীরা যারা জার্মানিতে পড়তে গিয়েছেন, তারা সকলেই খুবই সম্মানের সাথে ডিগ্রি অর্জন করে দেশে কিংবা অন্যান্য দেশে কাজ করছে। জার্মানির ভাষা শিক্ষা সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়। এক ভিসাতেই প্রায় ৩২টি দেশে ভ্রমণ করা যায়। কৃষি সম্পর্কিত কোনো বিষয়ে পড়তে কোনো টিউশন ফি লাগেনা।’
এছাড়া সেমিনারে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। ওই পর্বে শিক্ষার্থীরা জার্মানিতে জীবনযাপনের ব্যয়, পার্টটাইম চাকরির সুবিধা, স্পাউস ভিসাসহ যাবতীয় বিষয় সম্পর্কে জানতে পারেন।