পদ্মাসেতু রেলপ্রকল্প উদ্বোধন; বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেনের দাবিতে রেল অবরোধ

পদ্মাসেতু রেলপ্রকল্প উদ্বোধন; বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেনের দাবিতে রেল অবরোধ

বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেনের দাবিতে রেল অবরোধ

টিআই তারেক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহু কাঙ্খিত পদ্মা সেতু রেল প্রকল্প উদ্বোধন হলেও এতে খুশি হতে পারেনি যশোরের মানুষ। কারণ পদ্মাসেতু দিয়ে যশোরের মানুষ ট্রেনযোগে ঢাকা যাওয়ার পরিপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে।
তাই উদ্বোধনের দিন ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার দুপুরে রেল অবরোধ করা হলো। বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে দুপুর ১ থেকে আড়াইটা পর্যন্ত টানা দেড় ঘণ্টা যশোর স্টেশনে রেলপথ অবরোধ করে রাখে সংক্ষুব্ধ যশোরবাসী। অবরোধের ফলে রেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় এই রুটে।
আন্দোলকারীরা বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেনের দাবি জানান। ২টি ট্রেন দেয়াসহ ৬ দাবিতে এই কর্মসূচি তাদের। দুপুরে স্টেশন প্লাটফর্মে বিক্ষোভ মিছিল করে। এরপর রেললাইনের ওপর সমাবেশে দাবি দাওয়া নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
বক্তারা, বেনাপোল-যশোর-নড়াইল ঢাকা রুটে ২টি ও দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালু করার দাবি জানিয়েছেন।
তারা আরও বলেন, আগে ঢাকার সাথে যোগাযোগের জন্য যশোর-মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর রুটে ৩টি ট্রেন ছিলো। যেগুলো যমুনা সেতু হয়ে ঢাকায় চলাচল করতো। বিগত সরকারের আমলে ওই রুট থেকে ২টি ট্রেন রাজবাড়ী-ভাঙ্গা পদ্মাসেতু হয়ে চলাচল করছে। খুলনার ট্রেনগুলো যশোর জংশনে না এসে সিঙ্গিয়া স্টেশনের পর ট্রেনগুলো গতিপথ পরিবর্তন করে পদ্মবিলা স্টেশন থেকে-নড়াইল হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকায় যাবে। যশোর জংশন দিয়ে মাত্র ১টি ট্রেন বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত করবে। ফলে স্বল্প সময়ে ট্রেনে ঢাকায় যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত থেকে যাবে যশোরের মানুষ।  
অবরোধ চলাকালে রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর শুনে যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম ঘটনাস্থলে এসে দাবি মানার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
অবরোধ চলাকালে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রহুল আমিন, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ভিটু, নাজির আহমেদ শেফার্ড, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তীসহ নেতৃবৃন্দ।