"ঢাকাই জামদানিতে ভাইরাল জয়া আহসান, জিতলেন পুরস্কার"

"ঢাকাই জামদানিতে ভাইরাল জয়া আহসান, জিতলেন পুরস্কার"

ছবিঃ সংগৃহীত।

ঢাকাই সিনেমা এবং কলকাতায় তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ভারতের মঞ্চ মাতালেন। নিজেকে সবসময় ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্থাপন করার চেষ্টা করেন জয়া। সবসময় নিজেকে ফুটিয়ে তোলেন দেশীয় সংস্কৃতিতে। অভিনয় দক্ষতায় বরাবরই ভক্তদের মন জয় করেছেন জয়া, তার ভক্ত-অনুরাগীরা সবসময় হয় রোমাঞ্চিত। 

এবার ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়। রবিবার (১ ডিসেম্বর) সিরিজ, সিনেমা ও ক্রিটিকস—এই তিন ক্যাটাগরিতে মোট ৩৯টি পুরস্কার পান তারকারা। বলিউড ও টালিউড তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও। 

ঢাকার ঐতিহ্যপূর্ণ জামদানি শাড়ি পরে মুম্বাইয়ের মঞ্চে ওঠেন জয়া । সেখানে তাকে দেখা যায় জামদানিকে ব্যতিক্রম নকশায় গায়ে জড়িয়েছেন জয়া আহসান। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) নিজের সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন জয়া। সেই ছবি এখন টক অব দ্য টাউন, কেননা জয়ার পরনে যে শাড়িটি রয়েছে, তার নকশা ও শাড়ি পরার ধরন ছিল একটু ভিন্ন রকম। 

সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার জয়া লিখেছেন, 'আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরনটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি।' 

এছাড়া জয়া আরও বলেন, 'এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়। এখানে অংশ নিতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে মনে করি। ধন্যবাদ, ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে।'