ইবিতে সাংবাদিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়
ছবি: প্রতিনিধি
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) টিএসসিসি'র শিক্ষক লাউঞ্জে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত তিনটি সাংবাদিক সংগঠনের প্রায় ৩০ জন জাতীয় গণমাধ্যমের সাথে জড়িত সাংবাদিকৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ, ইসমাইল হোসেন রাহাত, সায়েম আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম। ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ক্যাম্পাস সংস্কারে ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী সমন্বয়কদের বিভিন্ন পরামর্শ দেন এবং দেশ, রাষ্ট্র এবং ক্যাম্পাসের শিক্ষার্থীবান্ধব সকল যৌক্তিক দাবিতে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, কোটা সংস্কার আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। আমরা বিগত সরকারের আমলে মিডিয়া হস্তক্ষেপ বা কন্ঠরোধ করার সংস্কৃতি দেখেছি। বর্তমানে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারছে। বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই প্রশাসনের অংশ নয়৷ তারা সবসময়ই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে প্রশাসনের প্রেশার গ্রুপ হয়ে কাজ করবে।
এছাড়া এসময় তিনি সকল ধরনের দূর্নীতি, অনিয়ম বা স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।