‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রংপুরের মেহেদী
সংগৃহীত
স্বেচ্ছাশ্রমে উন্নয়ন, কর্মমুখী ও মানবিক সেবামূলক বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা ভলান্টিয়ারি পুরস্কার-২০২৪ পেয়েছেন রংপুরের মেহেদী হাসান রাব্বি। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়মূলক ও দাতব্য সংস্থা ভলান্টিয়ারি সার্ভিস ওভারসিজ (ভিএসও বাংলাদেশ) এ পুরস্কার প্রদান করে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। এতে সারা দেশ থেকে সেরা ২০ জন ভলান্টিয়ারকে বেস্ট ভলান্টিয়ার হিসেবে মনোনীত করা হয়েছেন।
ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিরুল হাসান কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের কান্ট্রি ডিরেক্টর ড. রুবাবা খন্দকার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোকদ্দেম হোসাইন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন রোলান্ড ফরবেস ইউএনএফপির কান্ট্রি ডিরেক্টর মাসাকি ওয়াটাবে, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস ব্যাকস্ট্রোম, ইউএসএআইডি বাংলাদেশের মানবাধিকারবিষয়ক ডিরেক্টর এলেনা জে ট্যান্সি ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. এন্ড্রে কারস্টেন।
বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাওয়া মেহেদী হাসান রাব্বি সামাজিক সংগঠন ‘স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। সংগঠনের মাধ্যমে মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পান তিনি।
স্বেচ্ছাসেবী তরুণ এ সমাজ উন্নয়নকর্মী রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়ন চর কান্দিনা গ্রামের স্কুলশিক্ষক শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন।