গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতিকী ছবি
গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় গাড়িচালক পলাশ মোল্লা (৩৬) নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত চালক কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের সিদ্দিকুর রহমান মোল্লার ছেলে।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মনিবর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকা থেকে একটি প্রাইভেটকার মিল্টন বাজার এলাকা দিয়ে মহাসড়কের দিকে যাচ্ছিল। মহাসড়কে ওঠার আগেই ওই গ্রামের দেলোয়ার হোসেন শেখের বাড়ির পাশের ডোবায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গাড়িটি।
লোকজন টের পেয়ে দ্রুত প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙে চালককে বের করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানান , এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।