ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিল  বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে যুবাদের এশিয়া কাপ। অনূর্ধ্ব-১৯ দলের এ টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই খেলেছে দুর্দান্ত। লিগ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচের দুইটিতে দুর্দান্ত জয়ে সেমিফাইনাল নিশ্চিত করা টাইগার যুবারা শেষ চারে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালের টিকিট কাটে। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে লাল-সবুজের দল। টসে হেরে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে পারেনি আজিজুল হাকিম তামিমের দল, মোহাম্মদ শিহাব জেমসের ৪০ এবং রিজন হাসানের ৪৭ রানের ইনিংসের সুবাদে ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে ১৯৮ রান করে বাংলাদেশ। 

টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৭ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে ১ রান করে আউট হন কালাম সিদ্দিকী। আরেক ওপেনার জাওয়াদ আবরারও নিজের ইনিংস বড় করতে পারেননি। ৩৫ বলে ২০ রান করে তিনিও সাজঘরের পথ ধরেন। দলীয় ৪১ রানেই দুই ওপেনারে হারায় টাইগার যুবারা।

এদিকে ব্যাত হাতে টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন টাইগার যুবাদের অধিনায়ক তামিম। তবে আজ হাসেনি তার ব্যাট। তিনি আজ আউট হয়েছেন ১৬ রান করে। তামিম আউট হওয়ায় দলীয় ৬৬ রানেই প্রথম তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ।

দ্রুত তিন উইকেট হারানো দলের হাল ধরেছিলেন মোহাম্মদ শিহাব জেমস এবং রিজন হাসান। এ দুজন মিলে গড়েছিলেন ৫২ রানের জুটি। ভারতীয় বোলারদের সামলে ব্যক্তিগত অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন জেমস, তবে ব্যক্তিগত অর্ধশতক থেকে ১০ রান দূরে থাকতেই আউট হন তিনি। এদিকে জেমস ফিরলেও দলের সংগ্রহ বাড়াচ্ছিলেন রিজন, তিনিও ছিলেন ব্যক্তিগত অর্ধশতকের পথে। 

তবে জেমসের মতোই ফিফটি মিস করেছেন রিজন, ব্যক্তিগত ৪৭ রানে আউট হন তিনি। রিজনের পর ফরিদ হাসান ছাড়া আর কেউই দলের হাল ধরতে পারেননি। সাত নম্বরে নেমে ফরিদ খেলেছেন ৪৯ বলে ৩৯ রানের ইনিংস। ১৯৭ রানে ফরিদ আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংস থামে ১৯৮ রানে।