হাসপাতালে বলিউডের জনপ্রিয় পরিচালক
ফাইল ছবি
ভারতের নামী পরিচালক সুভাষ ঘাই অসুস্থ। মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জানা গেছে, সুভাষ ঘাইয়ের শ্বাসপ্রশ্বাসে সমস্যা রয়েছে। শারীরিকভাবেও দুর্বল তিনি। এসব উপসর্গ দেখে তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। বর্তমানে পরিচালকের বয়স ৭৯ বছর।
সূত্রের খবর গত বুধবার থেকে চিকিৎসাধীন সুভাষ। গতকাল শনিবার রাতে খবর প্রকাশ্যে আসে। শোনা গেছে, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে আরও কিছুটা সময় চিকিৎসকরা দেখতে চান। হয়তো এক বা দুই দিনের মধ্যে পরিচালকে জেনারেল বেডে দেওয়া হতে পারে।
১৯৭৬ সালে পরিচলাওক হিসেবে বলিউডে পথচলা শুরু করেন সুভাষ। ‘কালীচরণ’ ছবির মাধ্যমে শুরু হয় এই পথচলা। এরপর অসংখ্য ছবি বানিয়েছেন তিনি। এরমধ্যে ‘কর্জ’, ‘বিধাতা’, ‘হিরো’, ‘মেরি জং’, ‘রাম লক্ষ্মণ’, ‘সওদাগর’, ‘খলনায়ক’ থেকে ‘ত্রিমূর্তি’, ‘পরদেশ’, ‘তাল’, ‘ইয়াদেঁ’উল্লেখযোগ্য। সুভাষের শেষ সিনেমা ‘কাঁচি’। যদিও ছবিটি বক্স অফিসে দাপট দেখাতে পারেনি।