বকেয়া মজুরি পেলেন এনটিসি চা বাগানের শ্রমিকরা
ফাইল ছবি
হবিগঞ্জের চুনারুঘাটের লস্করপুর ভ্যালিতে ন্যাশনাল চা কোম্পানির টি ফাঁড়িসহ ৭টি বাগানে চা শ্রমিকরা কাজে ফিরেছেন। ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্তের পর দেওয়া হয়েছে দুই সপ্তাহের মজুরি। জানুয়ারি মাসে বাকি ৪ সপ্তাহের মজুরি দেওয়া হবে।
এর আগে, চলতি বছরের ২২ আগস্ট থেকে ৬ সপ্তাহ মজুরি না পেয়ে কাজ বন্ধ রাখেন শ্রমিকরা। প্রায় ৩ মাস ধরে রেশন ও মজুরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তারা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল জানান, শ্রীমঙ্গল শ্রম অধিদফতর কার্যালয়ে চা শ্রমিকদের শীর্ষ পর্যায়ের নেতা ও ন্যাশনাল চা কোম্পানির যৌথ বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক তাদের বকেয়া ৬ সপ্তাহের মজুরি দুই কিস্তিতে দেওয়া হচ্ছে। এরমধ্যে দুই সপ্তাহের মজুরি দেওয়া হয়েছে। মজুরি পেয়ে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
বৈঠকের সিদ্ধান্ত উল্লেখ করে এ চা শ্রমিক নেতা বলেন, শ্রমিকদের দুই সপ্তাহের বকেয়া মজুরি দেওয়া হয়েছে। মাসিক বেতনধারী শ্রমিকদের ২০ ডিসেম্বর ১ মাসের বেতন দেওয়া হবে। এখন থেকে শ্রমিক-কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধ করা হবে। বাগানের কর্মচারীদের ২০ ডিসেম্বরের মধ্যে ১ মাসের বেতন দেওয়া হবে। এছাড়া বাগান বন্ধের দিনগুলোতে চা শ্রমিকদের রেশন কাটা হবে না। বোনাস ও বার্ষিক ছুটির দিন গণনার ক্ষেত্রে বাগান বন্ধের দিনগুলো অনুপস্থিত দেখানো হবে না।
এদিকে, অবশিষ্ট বকেয়া মজুরি আগামী ২০২৫ সালের মার্চের মধ্যে পরিশোধ করা হবে। একইসঙ্গে ২০২৫ সালের ৭ এপ্রিলের মধ্যে প্রভিডেন্ট ফান্ডের বকেয়া চাঁদা পরিশোধ করা হবে।