রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
ফাইল ছবি
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সোহানুর রহমান (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদ জোহর তাকে সমাহিত করা হয়েছে।
সোহানুর রহমান জেলার বাগমারা উপজেলার শ্রীপুর খামারপাড়া এলাকার ওবাইদুর রহমানের ছেলে।
তিনি রাজশাহী কামরুজ্জামান কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবা বিদেশে থাকায় সোহানুর মায়ের সঙ্গে রাজশাহী নগরীর উপশহরে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে সোহানুর রহমান রাজশাহী-নওহাটা সড়কে তিন বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান। এ সময় চলন্ত এক ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের ধারের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। তখন মাথায় আঘাত পান সোহানুর।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর চার দিন চিকিৎসাধীন থেকেও তার কোনো উন্নতি হয়নি। পরে সোমবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।