পলককে রিমান্ডে দিলো ট্রাইব্যুনাল

পলককে রিমান্ডে দিলো ট্রাইব্যুনাল

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারকের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত চীফ প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।

আদালত থেকে বেরিয়ে আদেশের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন বিএম সুলতান মাহমুদ। তিনি বলেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ১৫ ডিসেম্বর ও জুনায়েদ আহমেদ পলককে ১৮ ডিসেম্বর তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এদিন, সকালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে আনা হয়।

গত ৪ ডিসেম্বর শিক্ষার্থী ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

ওইদিন সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগের শুনানি শেষে এ আদেশ দেয় ট্রাইব্যুনাল। পাশাপাশি, তাকে আগামী ১২ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

মামলার সূত্রে জানা যায়, শহীদ ইমাম হোসেন তাঈমকে কাছ থেকে গুলি করার পর থানায় নিয়ে মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।

শেখ হাসিনা সরকারের পতনের পর এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় আবুল হাসান এজাহারভুক্ত আসামি।