হবিগঞ্জে বিজিবির অভিযানে পৌনে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সংগৃহীত
হবিগঞ্জে বিজিবির অভিযানে প্রায় পৌনে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, চকলেট, ট্যাবলেট, স্যুটের কাপড়সহ বিভিন্ন ধরনের থান কাপড় জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর পক্ষ থেকে শুক্রবার বিকাল ৪টার দিকে বিষয়টি জানানো হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান জানান, বৃহস্পতিবার সকালে বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ভারতীয় চোরাচালানকৃত মালামাল ভর্তি একটি কাভার্ডভ্যান আটকের উদ্দেশ্যে অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানের চালক ভ্যানটি বিপরীত দিকে ঘুরিয়ে সিলেটের দিকে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে টহল দলটি কাভার্ডভ্যানটির পেছনে ধাওয়া করলে পুটিজুরি এলাকায় গিয়ে চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। এ সময় ভ্যানটিতে থাকা ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী, চকলেট, ট্যাবলেট, স্যুটের কাপড় ও জর্জেট থান কাপড় পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি। এগুলোর আনুমানিক বাজার মূল্য দুই কোটি একাশি লাখ আশি হাজার টাকা।
লে. কর্নেল ইমদাদুল বারী খান আরও জানান, জব্দকৃত মালামাল হবিগঞ্জ জেলা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান বিরোধী এমন কার্যক্রম অব্যাহত থাকবে।