বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি

বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি

ফাইল ছবি

বিজয় দিবস উপলক্ষে চার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের মুখপাত্র শামান্তা শারমিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজয় দিবসে সংগঠনটির প্রথম কর্মসূচি শহিদদের স্মরণ করা। এ লক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ২০২৪ ও ১৯৭১-এর শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হবে।

দিনের পরবর্তী কর্মসূচি সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। বিজয় দিবসের দিন সকাল ৬টায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের ইউনিটসমূহের অংশগ্রহণে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে৷ 

সারাদেশের থানা কমিটিকে নিজ নিজ থানা এলাকায় শ্রদ্ধা নিবেদনের নির্দেশ দেওয়া হয়েছে।

দিবসের তৃতীয় কর্মসূচি হিসেবে ঢাকায় বিজয় র‍্যালি করবে জাতীয় নাগরিক কমিটি। বাংলামোটর থেকে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত এ র‍্যালি আয়োজন করা হবে৷ বিজয় দিবসের দিন বিকেল ৩টায় র‍্যালির সময় নির্ধারণ করা হয়েছে৷

বিজয় দিবসের চতুর্থ কর্মসূচি হিসেবে সকল শহিদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে৷ বাদ মাগরিব জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হবে।