মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে অয়ন দাশ (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।  সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার মিঠাছরা এলাকায় এ ঘটনা ঘটে। 

অয়ন মিরসরাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূজা বাড়ির খোকন দাশের ছেলে। তিনি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। 

নিহতের জেঠাতো ভাই শাওন তপু বলেন, অয়ন এসএসসি পরীক্ষায় পাশ করে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়েছে। সোমবার দুপুরে নির্মাণাধীন বসতঘরে পানি দেওয়ার জন্য মোটরের লাইন মন্দিরের ভেতরের একটি সকেটে লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।
পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করে দেয়। তখন ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। একই দিন রাত ৮টায় পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আর্যরাজ দত্ত বলেন, অয়ন দাশ নামে বিদ্যুৎস্পৃষ্টের কোনো রোগী আজ হাসপাতালে আসেনি।