শীতে কোট পরছেন! জেনে নিন পরিষ্কারের সঠিক নিয়ম

শীতে কোট পরছেন! জেনে নিন পরিষ্কারের সঠিক নিয়ম

ফাইল ছবি

শীতে কোট পরে পার্টিতে গিয়েছিলেন। বাড়ি এসে দেখছেন, খেতে গিয়ে হাতায় দাগ লেগে গিয়েছে। সেই দাগ তুলতে কি কোট দোকানে ড্রাইওয়াশে দেবেন? না কি তা বাড়িতেও কাচা যায়?

দাগ লেগে গেলে: যত দ্রুত সম্ভব সেই স্থানটি একটি ভিজে কাপড় দিয়ে মুছে নিন। একটি পাত্রে পানি নিয়ে তাতে কোট বা উলের পোশাক কাচার উপযোগী কোনও সাবান মিশিয়ে নিন। সেই মিশ্রণে কোনও কাপড়ে ভিজিয়ে, তা দিয়ে দাগ লাগা অংশটি ঘষে নিন। কাপড়ের দাগ তোলার জন্য বিভিন্ন জিনিস পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন।

কোট কি বাড়িতে কাচা যায়?

তার আগে জানা দরকার, কোটটি কী ধরনের? সুতি, নাইলন, ফ্লিস, ভিনাইল, উলের কোট হলে তা বাড়িতে কাচা যেতে পারে। তবে চামড়া, ভেলভেট, ফারের কোট বাড়ির বদলে দোকানে ‘ড্রাই ক্লিনিং’-এ দিতে হবে।

বিভিন্ন ধরনের কোটের লেবেলের সঙ্গে নির্দেশিকা দেওয়া থাকে, সেটি ড্রাই ওয়াশ করতে হবে, না হাতে কাচা যাবে। মেশিনে কাচা যাবে কি না, তা-ও বলা থাকে। সেই নির্দেশিকা মেনে চলা দরকার। উলের পোশাক কাচা যায়, এমন সাবান মিশিয়ে তাতে একটি কাপড় ডুবিয়ে কোটের কলারের ভিতরের অংশে ঘষে দেখুন। যদি রং উঠতে থাকে, তাহলে বুঝতে হবে, সেই কোট বাড়িতে কাচা যাবে না। ড্রাই ক্লিন করাতে হবে।

মেশিনে না হাতে, কীভাবে কাচবেন?

যদি মেশিনে কাচার নির্দেশিকা থাকে তাহলে ওয়াশিং মেশিন ব্যবহার করা যাবে। তবে, গরম পানিতে নয়, ঠান্ডা পানিতে কাচতে হবে। হালকা পোশাক কাচার জন্য যে ‘মোড’, তাতেই কাচতে হবে। তবে যে কোনও সময়েই যন্ত্রের চেয়ে হাতে কাচলে কোট ভালো থাকবে।

কাচার পদ্ধতি: একটি বালতিতে অর্ধেক ঠান্ডা পানি নিন। তাতে ১ থেকে ২ টেবিল চামচের মতো তরল সাবান মিশিয়ে নিন। এরপর কোটটি সেই পানিতে ডুবিয়ে দিন। ৫ মিনিট ভিজিয়ে রাখার পর হালকা হাতে ঘষে নিন। তারপর পরিষ্কার পানিতে ডুবিয়ে ধুয়ে নিন। তবে নিংড়ে পানি বের করতে যাবেন না।

একটি বড় শুকনো তোয়ালের উপর কোটটি রেখে, তোয়ালের সঙ্গে সেটি রোল করে নিন। আলতো চাপ দিন। এতে কোটের অতিরিক্ত পানি বেরিয়ে যাবে। তারপর হ্যাঙ্গারে আটকে ছায়ায় রেখে কোট শুকিয়ে নিন।