নওগাঁয় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
ছবি : সংগৃহীত
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় সার্কিট হাউজ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্ব বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সচেতন সোসাইটি এফএসটিআইপি অ্যাক্টিভিটির নওগাঁর প্রোগ্রাম অফিসার আসলাম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। প্রবাসীরা প্রবাসে যাওয়ার সময় যেন ক্ষতির মুখে না পড়েন সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দালাল চক্রের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে সবাইকে সোচ্চার হতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান।
এসময় বিভিন্ন এনজিও, সরকারি-বেসরকারি সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।