স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি
ছবি: প্রতিনিধি
ইবি প্রতিনিধি: গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনসহ ১০ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি দেয় সংগঠনটি। এসময় সংগঠটির আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও আহসান হাবীবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠটির অন্য দাবিগুলো হলো- বিগত সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে তিন গুন বৃদ্ধি করা ফি কমাতে পদক্ষেপ নেয়া, হাসিনার পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তন, খালেদা জিয়া হল থেকে মুজিব কর্ণারের নাম পরিবর্তন, ক্যাম্পাস পরিচ্ছন্নতা ও মশার উপদ্রব কমানো, স্বৈরাচারী দোসরদের দ্রুত বিচারের আওতায় আনা, ছুটিকালীন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, ভিক্ষুকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত, চিকিৎসাকেন্দ্র আধুনিকীকরণ এবং জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, শিক্ষার্থী সংশ্লিষ্ট ১০ দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছি। আশা করি প্রশাসন অতিদ্রুত এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।
প্রসঙ্গত, এর আগে গত ৯ ডিসেম্বর গুচ্ছ থেকে বেরিয়ে আসতে মানববন্ধন পালন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছিলো শাখা ছাত্র ইউনিয়ন। পরে সর্বশেষ গত মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীরাও একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে অনতিবিলম্বে গুচ্ছ থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।