ফকিরহাটে ইমরান হত্যা মামলার আসামি গ্রেফতার

ফকিরহাটে ইমরান হত্যা মামলার আসামি গ্রেফতার

ছবি : প্রতীকি

বাগেরহাটের ফকিরহাটে ইমরান শেখ হত্যা মামলায় ইমরান শেখ (৩৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর অভিযানিক দল।বুধবার (১৮ ডিসেম্বর) বাগেরহাট সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এদিন রাতে গ্রেফতারকৃত আসামিকে থানা পুলিশের নিকট সোপর্দ করে র‌্যাব। ফকিরহাট মডেল থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ইমরান শেখ (৩৬) ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার সাইদ শেখের ছেলে। 

পুলিশ জানান, উপজেলা লখপুর গ্রামের হযরত আলীর ছেলে ইমরান শেখ গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রামপাল থেকে মাইক্রোবাসে করে কাটাখালী আসার পথে শ্যামবাগাত জয় জুট মিলের সন্নিকটে এসে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন তার গতিরোধ করে। এসময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। ঘটনার সময় ইমরান শেখের একটি পা কেটে ফেলে। এতে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ নভেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই কামরান শেখ বাদী হয়ে ৬ নভেম্বর ১৩ জনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর এক নম্বর আসামি আছাদুল শেখ ছোটকে গ্রেফতার করেছিল পুলিশ।

ফকিরহাট মডেল থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর কবির জানান, ইমরান শেখ হত্যা মামলার তিন নম্বর আসামি ইসরান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এর আগে মামলার প্রধান আসামি আছাদুল শেখ ছোটকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।