পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের তিনজনই এক পরিবারের
ফাইল ছবি
কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার সকালের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। নিহতদের মধ্যে তিনজন এক পরিবারের সদস্য। তারা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের পেকুয়ার টৈটং ইউনিয়নের হাজী বাজারের পাশে মৌলভীবাজার রাস্তার মাথার বটগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পেকুয়া টৈটং ৭নং ওয়ার্ডের ধনিয়াকাটার মৃত সৈয়দ আলমের ছেলে সিএনজিচালক মনিরুল মান্নান (২২), মগনামা সোনালী বাজার এলাকার বজল আহমদের ছেলে আব্দুর রহমান (৩৫), চট্টগ্রামের হাটহাজারী সমিতির হাট মধ্য মাদার্শার আলীশাহ ফকিরের বাড়ির মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শারমিন আক্তার (২৯) ও তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান জাহেদুল ইসলাম।
জানা যায়, কুয়াশাচ্ছন্ন সকালে পেকুয়া থেকে একটি নম্বরহীন সিএনজি অটোরিকশা যাত্রী বোঝাই করে চট্টগ্রাম যাচ্ছিল। পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের টৈটংয়ের হাজী বাজারের পাশে মৌলভীবাজার রাস্তার মাথা বটগাছতলা এলাকায় একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রীসহ চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। সিএনজিতে থাকা অপর দুই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে শিশু জাহেদুলও মারা যায়। অপর দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ডাম্প ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে