ফ্রান্সে স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ, ২০ বছরের দণ্ড স্বামীর
ফাইল ছবি।
ফ্রান্সে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করাতেন স্বামী। এভাবে চলেছিল প্রায় এক দশক। জানা গেছে, ১০ বছরেরও বেশি সময় ধরে ৯২ বার যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন ভুক্তভোগী। এই নৃশংস ঘটনায় ৭২ জন পুরুষ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
এ ঘটনায় স্বামী ডোমিনিক পেলিকোতকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় এক দশক ধরে অমানবিক এই নির্যাতন চালানোর ঘটনায় ডোমিনিকের সহযোগী অন্য ৫০ জনকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর আভিগননের একটি আদালতের বিচারক বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ৭২ বছর বয়সী ডোমিনিক পেলিকোতকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ মেয়াদের সাজা ঘোষণা করেন বিচারক।
এ সময় রায় শুনে আদালতে কান্নায় ভেঙে পড়েন ডোমিনিক। এই মামলায় ডোমিনিক ছাড়াও অন্য ৫০ জন পুরুষের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। যাদের প্রত্যেককে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তবে তাদের কারাদণ্ডের মেয়াদ প্রসিকিউটরদের দাবির তুলনায় কম।