গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন, গৃহবধূর মৃত্যু

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন, গৃহবধূর মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে শামসুন নাহার নামে এক গৃহবধূ মারা গেছেন। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার চাচা হাজী মো. নইমুদ্দিন ফকির। 

ওই হাসপাতালে একই ঘটনায় দগ্ধ তার ছেলে মো. সানোয়ার হোসেন চিকিৎসাধীন আছেন।

শনিবার সকালে পৌর এলাকায় ভাংনাহাটি গ্রামের বাসিন্দা শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী শামসুন নাহার (৩৫) ও ছেলে মো. সানোয়ার হোসেন (১৬) দগ্ধ হন। পরে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, বাসায় গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে মা ও ছেলে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়েছে বলে শুনেছি।