একটি ট্রেন ও ঘোষিত সময়সূচীতে যশোরবাসী হতাশ ও ক্ষুব্ধ

একটি ট্রেন ও ঘোষিত সময়সূচীতে যশোরবাসী হতাশ ও ক্ষুব্ধ

ছবি : প্রতিনিধি

যশোর প্রতিনিধি:

 বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেছেন, পদ্মা সেতুর লিংক প্রজেক্ট উদ্বোধনের ঘোষণা আমাদের আনন্দিত করতে পারছে না। একটি মাত্র ট্রেন ও ঘোষিত সময়সূচী যশোরবাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। নেতৃবৃন্দ বলেন, নিজ শহর থেকে ঢাকায় অফিস করার মত সময়সূচী ও ট্রেন দেওয়ার ঘোষণা সহ ৬দফা দাবি মানার অঙ্গীকার দেওয়া  না হলে সর্বাত্মক কর্মসূচি পালন করা হবে।

২২ ডিসেম্বর রোববার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন।

কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কাউসার আলী, অধ্যক্ষ শাহীন ইকবাল, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, হারুন অর রশিদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু,জিল্লুর রহমান ভিটু,দীপঙ্কর দাস রতন, ইঞ্জিনিয়ার হাসান, মিলন রহমান প্রমূখ।

রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ  বলেন, আগামী ২৪ ডিসেম্বর যশোর ঢাকা পদ্মা সেতুর লিংক প্রজেক্ট উদ্বোধনের দিন বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই সাথে  যশোর জেলা প্রশাসকের মাধ্যমে বৃহত্তর যশোরের রেল যোগাযোগের দাবি দাওয়া আদায়ে রেলওয়ে উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে  নেতৃবৃন্দ সকল কর্মসূচিতে যশোেরর সকল স্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।