যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ফিস্টুলা ক্যাম্প ও গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনোয়ারা বেগমকে সংবর্ধনা

যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ফিস্টুলা ক্যাম্প ও গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনোয়ারা বেগমকে সংবর্ধনা

ছবি: প্রতিনিধি

টিআই তারেক:যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ফিস্টুলা ক্যাম্প উদ্বোধন ও বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনোয়ারা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২২ ডিসেম্বর রোববার রাতে মেডিকেল কলেজের ডা. মোঃ সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের এ্যানেস্থেসিয়া ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খলিলুর রহমান।
এধরনের আয়োজনের জন্য কর্তৃপক্ষের কৃতজ্ঞতা প্রকাশ করে সংবর্ধিত গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনোয়ারা বেগম তার অনুভ‚তি ব্যক্ত করতে গিয়ে বলেন, আদ্-দ্বীন আমাকে যে সম্মান দিল তা আমি সারাজীবন মনে রাখবো। ফিস্টুলা আক্রান্ত মায়েদের মুখে যে হাসি ফোটে তা ফুলের সৌন্দর্য্যকে হার মানায়।
এতে সভাপতিত্ব করেন ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ইমদাদুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিডেট এর ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ড. জামালুন্নেসা, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাসানুজ্জামান, যশোর মেডিকেল কলেজের এ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএইচএম আহসান হাবীব, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, আদ্-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন ও আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. আনোয়ারা বেগম ও অধ্যাপক ডা. খলিলুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত অধ্যাপক ডা. আনোয়ারা বেগমের ব্যক্তিজীবন ও কর্ম সম্পর্কে তথ্য তুলে ধরেন যশোর আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী এ্যান্ড অবস্ বিভাগের আবাসিক সার্জন ডা. তাসনিমা রহমান সেজুতি।
আদ্-দ্বীন ফার্মা’র উৎপাদিত ওষুধ সম্পর্কে উপস্থাপনা করে কোম্পানির প্রডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজার পার্থ প্রতিম বর্মন। পরে সেখানে গান পরিবেশন করেন ডা. খলিলুর রহমান ও অন্যান্য চিকিৎসকবৃন্দ।
সঞ্চালনা করেন যশোর আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী এ্যান্ড অবস্ বিভাগের মেডিকেল অফিসার ডা. মাশকেয়া জান্নাত প্রিয়তি।
এর আগে সকালে অধ্যাপক আনোয়ারা বেগম মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ। হাসপাতালে নিজের নামে স্থাপিত আনোয়ারা ফিটাল মেডিসিন ওয়ার্ডের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। পরে হাসপাতালের অপারেশন থিয়েটারে রোগী অপারেশনের মাধ্যমে বিনামুল্যে ফিস্টুলা ক্যাম্প উদ্বোধন করেন। এই ক্যাম্পে ৮ জন ফিস্টুলা রোগীর বিনামূল্যে অপারেশন সম্পন্ন হয়।